
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পৃথক দুটি অভিযান চালিয়ে ৫৩ লাখ ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের অবৈধ সেগুন ও লালি গোল কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৩০ অক্টোবর) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ লেম্বুছড়ি বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার কোলাচিপাড়ায় অভিযান দুটি পরিচালনা করে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে এক হাজার লম্বাফুট অবৈধ সেগুন কাঠ এবং ৭৪১ লম্বাফুট লালি গোল কাঠ জব্দ করা হয়েছে। জব্দ করা কাঠের আনুমানিক মূল্য ৫৩ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।
১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অস্ত্র ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান ও টহল অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, মূল্যবান বনজ সম্পদ অবৈধভাবে আহরণ ও পাচার প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সতর্ক ও তৎপর রয়েছে।